পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করে বেশি দামে বিক্রি, ক্রয় রশিদ না থাকা এবং ভোজ্যতেলের মোড়কে লেবেল না থাকাসহ বিভিন্ন অনিয়মে সিরাজগঞ্জের তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলার সহকারি পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে সদর উপজেলার শহিদগঞ্জ, বাহিরগোলা, চৌরাস্তা ও গোশালা বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ব্যাটেলিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে ভোক্তা অধিকার আইনে বিসমিল্লাহ ডিমের আড়তের মালিক মো. হাবিবুর রহমানকে ২ হাজার, মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্স এন্ড ডিমের আড়তের মালিক মো: রুবেল হোসেনকে ৩ হাজার ও সুপারশপ এফ এম বজারের প্রতিনিধি মো: পারভেজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচোলক মো. সোহেল শেখ বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য নিশ্চিতে আজ সকালে অভিযান চালানো হয়। এ সময় ডিম, কাঁচাসবজি ও সুপারশপে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, দাম বেশি নেওয়া, ক্রয় রশিদ না থাকা ও ভোজ্যতেলের মোড়কে লেবেল না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অর্থদন্ড দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 




















